জাতীয়

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

ঢাকা, ৪ জুলাই – মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার ৪ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে প্রেরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা এক বিশেষ চিঠিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আরও সমৃদ্ধি ও অগ্রগতির পথে ধাবিত হবে।

চিঠিতে তারেক রহমান উল্লেখ করেন যে ২৫০ বছরের এই পথচলায় মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ, ত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সারা বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন যে গত পাঁচ দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রতিরক্ষা খাতে এক শক্তিশালী অংশীদারত্বে রূপ নিয়েছে। বিশেষ করে চলতি বছরের শুরু থেকে জ্বালানি ও বিনিয়োগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে যা সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য তিনি চিঠিতে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের বন্ধুভাবাপন্ন জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এনএন/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language