তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের উৎসব ব্যাহত

ওয়াশিংটন, ৪ জুলাই – যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহের কারণে দেশটির স্বাধীনতা দিবস পালনের আনুষ্ঠানিকতা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহের প্রভাবে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আয়োজিত একাধিক উৎসব বাতিল বা সময় পরিবর্তন করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
জননিরাপত্তার কথা বিবেচনা করে শেষ মুহূর্তে অনেক বড় আয়োজন বন্ধ ঘোষণা করা হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যানুসারে দেশটির পূর্ব উপকূল এবং মধ্য-পশ্চিমাঞ্চলের প্রায় ১৬ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ বর্তমানে চরম তাপপ্রবাহের মধ্যে রয়েছেন।
ওয়াশিংটনের গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আবহাওয়া পরিস্থিতির সামান্য উন্নতি হলে স্থানীয় সময় বিকেল ৫টায় এটি পুনরায় চালু করা হয়। আয়োজক কর্তৃপক্ষ জানায় দর্শনার্থী এবং কর্মীদের নিরাপত্তাই তাদের কাছে প্রধান বিষয়।
পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় আয়োজিত ঐতিহাসিক প্যারেডটিও বিপজ্জনক গরমের আশঙ্কায় বাতিল করা হয়েছে। ওয়াশিংটন ডিসির ফ্রিডম ২৫০ মেলায় অংশ নিয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে অন্তত ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া খোলা আকাশের নিচে অনুষ্ঠিত কনসার্টগুলোর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড গরম সত্ত্বেও উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে তার নির্ধারিত ভাষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহজুড়ে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের তীব্র ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ঘটনা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।
এস এম/ ৪ জুলাই ২০২৬









