জাতীয়

সাত জেলায় তাপপ্রবাহের মাঝে সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ৪ জুলাই – দেশের সাতটি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের সকল বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে যে রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় এই তাপপ্রবাহ কিছু জায়গা থেকে বিদায় নিতে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language