ফুটবল

প্যারাগুয়ে ম্যাচের আগে বড় ধাক্কা ফরাসি শিবিরে, ছিটকে গেলেন চুয়ামেনি

প্যারিস, ৪ জুলাই – ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে শক্তিশালী ফ্রান্স। তবে হাইভোল্টেজ এই ম্যাচের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে ফরাসি শিবির। উরুর চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি।

শনিবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপ বিষয়টি নিশ্চিত করেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলাকালীন অনুশীলনে উরুতে চোট পান এই ফুটবলার। তার অনুপস্থিতিতে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে মানু কোনেকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত ফ্রান্সের খেলা চার ম্যাচের তিনটিতেই পুরো সময় মাঠে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা চুয়ামেনি। গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেবারও তার স্থলাভিষিক্ত হিসেবে খেলেছিলেন মানু কোনে।

গ্রুপ পর্বে টানা তিন জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল ফ্রান্স। এরপর শেষ ৩২ এর লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে পরাজিত করে তারা শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ৩টায় শুরু হবে।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language