নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হবে ব্রাজিল?

ব্রাসিলিয়া, ২ জুলাই – জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দ্বিতীয় রাউন্ডে ২-১ ব্যবধানে জয় পেয়ে সমর্থকদের স্বস্তি দিয়েছে। এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে বাধা নরওয়ে।
যদিও পরিসংখ্যান অনুযায়ী নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড খুব একটা ভালো নয়। পূর্বের চারবারের দেখায় লাতিন আমেরিকান দলটি কোনো জয় পায়নি। এর মধ্যে দুটি ম্যাচে হার এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে বর্তমান ফর্ম ও শক্তির বিচারে এই ম্যাচে ব্রাজিলকেই ফেভারিট ধরা হচ্ছে। এমনকি নরওয়ের তারকা খেলোয়াড় আর্লিং হালান্ডও নিজেদের জয়ের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন।
অপ্টা সুপারকম্পিউটারের ভবিষ্যৎবাণীতেও কার্লো আনচেলত্তির দলকেই এগিয়ে রাখা হয়েছে। যদি ব্রাজিল নরওয়েকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হয় তবে সেখানে তাদের লড়তে হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপের ৯২তম ম্যাচের জয়ী দলই হবে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ। ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে শেষ আটে কার মুখোমুখি হবে সেলেসাওরা।
এনএন/ ২ জুলাই ২০২৬









