বিশ্বকাপে ব্রাজিলের সামনে নরওয়ের কঠিন বাধা: ইতিহাস সেলেসাওদের বিপক্ষে

ব্রাসিলিয়া, ১ জুলাই – বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে নরওয়ের নাম। জাপানের বিপক্ষে ২-১ গোলের দারুণ জয়ে নকআউট পর্ব নিশ্চিত করা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ইউরোপের দলটির মুখোমুখি হবে।
ম্যাচটি আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার লড়াই শেষে ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়। তবে অতীত পরিসংখ্যান বলছে কার্লো আনচেলত্তির শিষ্যদের জন্য এই ম্যাচটি সহজ হবে না।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে নরওয়ে। এ পর্যন্ত চারবারের দেখায় ব্রাজিল একবারও জয়ের মুখ দেখেনি। নরওয়ে দুটি ম্যাচে জয় পেয়েছে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে।
সেই ম্যাচে বেবেতোর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায়। নরওয়ের হয়ে গোল করেছিলেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল। এছাড়া বাকি তিনটি প্রীতি ম্যাচের মধ্যে ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র হয়। ১৯৯৭ সালে নরওয়ে ৪-২ ব্যবধানে জয় পায় এবং সর্বশেষ ২০০৬ সালের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
যদিও পরিসংখ্যান নরওয়ের পক্ষে কথা বলছে তবে বর্তমান ছন্দে থাকা ব্রাজিল দল বেশ আত্মবিশ্বাসী। আর্লিং হালান্ডের নেতৃত্বে দীর্ঘদিন পর বিশ্বকাপে ফেরা নরওয়েও মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ইতিহাস নরওয়ের পক্ষে থাকলেও শেষ পর্যন্ত নিউ জার্সির মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কারা জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।
এস এম/ ১ জুলাই ২০২৬









