জাতীয়

ভারত-বাংলাদেশ মৈত্রী: পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের আম উপহার দিল ঢাকা

ঢাকা, ১ জুলাই – পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের জন্য ১১০০ কেজি আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই আমের চালান দুটি ভারতে পৌঁছায়।

বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের এই সুস্বাদু ফলগুলো কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কলকাতার মিশনের জন্য ১০০টি কার্টনে মোট ৫০০ কেজি এবং আগরতলার মিশনের জন্য ১২০টি কার্টনে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য নির্ধারিত অংশ রাখা হয়েছে।

বাকি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের এই ম্যাংগো ডিপ্লোম্যাসি দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক সংহতি ও বন্ধুত্বের এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

এস এম/ ১ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language