ফুটবল

নেদারল্যান্ডস ও মরক্কো লড়াই: আক্রমণ পাল্টা আক্রমণেও গোলশূন্য প্রথমার্ধ

মেক্সিকো সিটি, ৩০ জুন – বিশ্বকাপের শেষ ৩২ এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও মরক্কো। মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও জালের দেখা পায়নি কেউ। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুদল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে নেদারল্যান্ডস। খেলার তৃতীয় মিনিটেই কর্নার আদায় করে নেয় ডাচরা। ডান প্রান্ত থেকে আসা সেই কর্নারটি মরক্কোর রক্ষণে ভীতি ছড়ালেও শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। দারুণভাবে বল ক্লিয়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মরক্কোর ডিফেন্ডাররা।

খেলার আট মিনিটে মাঠে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাচ ফুটবলার ইয়ান পল ফান হেকে ও মরক্কোর ইসমাইল সাইবারির তর্কে। তবে রেফারি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। খেলার ১৬ মিনিটে ডাচরা গোল করার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল।

রায়ান গ্রাভেনবার্খের বাড়ানো পাস থেকে বক্সে ঢুকে ব্রায়ান ব্রব্বের উদ্দেশ্যে বল বাড়ান ক্রিসেন্সিও সামারভিল। কিন্তু মরক্কোর ইসা দিয়প সঠিক সময়ে বলটি ক্লিয়ার করে দলকে রক্ষা করেন।

২০ মিনিটে পাল্টা আক্রমণ চালায় মরক্কো। আশরাফ হাকিমির চমৎকার ক্রসে নীল এল আইনাউইয়ের হেড ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন। এর কিছুক্ষণ পরেই অধিনায়ক হাকিমির দূরপাল্লার শটও কর্নারের বিনিময়ে রুখে দেন ভারব্রুগেন।

৩৪ মিনিটে নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিস ও ভার্জিল ফন ডাইকের মিলিত প্রচেষ্টায় গোলমুখে পৌঁছেছিলেন সামারভিল। তবে অতিরিক্ত ড্রিবলিংয়ের কারণে তিনি শট নেওয়ার সুযোগ হারান।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুই দলই লিড নেওয়ার চেষ্টা করে। ৪৩ মিনিটে মরক্কোর আজেদিন উনাহির দূরপাল্লার শট পোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়।

শেষ মুহূর্তে আশরাফ হাকিমির একটি ফ্রি কিক থেকে ইসমাইল সাইবারি গোল করার কাছাকাছি পৌঁছালেও বলের নাগাল পাননি। ফলে সমতায় থেকেই মাঠ ছাড়ে দুই দল।

এনএন/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language