যুক্তরাষ্ট্রে টিপিএসধারী অভিবাসীদের স্থায়ী বসবাসের পথ খোঁজার অথবা ফিরে যাওয়ার নির্দেশ

ওয়াশিংটন, ২৯ জুন – যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় (টিপিএস) থাকা অভিবাসীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। দেশটিতে অবস্থানরত এই অভিবাসীদের হয় স্থায়ীভাবে বসবাসের বৈধ উপায় খুঁজে নিতে হবে অথবা নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন সিএনএনের একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
তিনি জানান যে অস্থায়ী সুরক্ষা মর্যাদা কোনো স্থায়ী ব্যবস্থা নয়। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্টের এক রায়ে হাইতি ও সিরিয়ার অভিবাসীদের মানবিক সুরক্ষা বাতিল করার অনুমতি পাওয়ার পর এই কঠোর অবস্থান নিল প্রশাসন।
যারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চান তাদের বিমানের টিকিটের পাশাপাশি নতুন করে জীবন শুরু করার জন্য প্রায় ২ হাজার ১০০ ডলার করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুলিন।
উল্লেখ্য যে প্রাকৃতিক বিপর্যয় ও যুদ্ধের হাত থেকে বাঁচতে আসা নাগরিকদের সাময়িকভাবে বসবাসের সুযোগ দেয় যুক্তরাষ্ট্র। তবে হাইতি ও সিরিয়ায় বর্তমানে চরম সহিংসতা ও অস্থিতিশীলতা থাকলেও এই সুরক্ষার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় অভিবাসীদের নিয়ে নানা বিতর্কের প্রেক্ষাপটে আদালতের এই রায় ও প্রশাসনের এমন ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এনএন/ ২৯ জুন ২০২৬









