ফুটবল

কলম্বিয়াকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হতে চান পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ

মিয়ামি, ২৭ জুন – পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, তার দলের পুরো মনোযোগ এখন গ্রুপ ‘কে’ এর শেষ ম্যাচে কলম্বিয়াকে হারানোর দিকে। সম্ভাব্য নকআউট প্রতিপক্ষ নিয়ে তারা বর্তমানে একেবারেই ভাবছেন না বলে নিশ্চিত করেছেন তিনি।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। তারা বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে তারা মিয়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচে খেলতে নামবে। গ্রুপ চ্যাম্পিয়ন দল শেষ ৩২ এ মুখোমুখি হবে কোনো একটি সেরা তৃতীয় স্থানধারী দলের। অন্যদিকে রানার্সআপ দল খেলবে গ্রুপ ‘এল’ এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে।

শুক্রবার সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, আমাদের লক্ষ্য শুধু ম্যাচটি জয় করা, পরের প্রতিপক্ষ নিয়ে ভাবা নয়। টুর্নামেন্টে ভালো করতে চাইলে সামনে যে দলই আসুক তাকেই হারাতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট পথ নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সেরা ফুটবল খেলা এবং তা কেবল জয়ের মাধ্যমেই সম্ভব।

শিরোপার অন্যতম দাবিদার হিসেবে পর্তুগালের যাত্রা কিছুটা হতাশাজনক হলেও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।

মার্তিনেজ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিকে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় পরীক্ষা হিসেবে দেখছেন। তিনি জানান, দ্বিতীয় ম্যাচে দলের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখাই এখন মূল লক্ষ্য।

কলম্বিয়া সম্পর্কে তিনি বলেন, তারা একটি পরিপূর্ণ দল এবং তাদের খেলার ধরনে এক ধরণের স্পষ্টতা রয়েছে। দলটির মিডফিল্ডে কুইন্তেরো ও জেমস রদ্রিগেসের মতো সৃজনশীল ফুটবলারদের পাশাপাশি আক্রমণে লুইস দিয়াজ ও লুইস সুয়ারেজ অত্যন্ত কার্যকরী।

বাংলাদেশ সময় অনুযায়ী ২৮ জুন ভোর ৫টা ৩০ মিনিটে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসে শক্তিশালী দুই দল মুখোমুখি হবে।

এনএন/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language