জাতীয়

আগে রিকশা এখন প্রাডো, জুলাই চেতনা বিক্রি হচ্ছে: সংসদে মোহাম্মদ আক্তারুজ্জামান

ঢাকা, ২৫ জুন – জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দল বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেকেই এখন সেই চেতনা বিক্রি করে নিজেদের ভাগ্যের ব্যাপক পরিবর্তন করেছেন।

আগে যারা রিকশায় চলাচল করতেন, তারা এখন বিলাসবহুল প্রাডো গাড়িতে ঘুরছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, আমরা জুলাই মাসে যুদ্ধ করেছি এবং আমাদের সন্তানেরাও সেখানে সক্রিয় ছিল। কিন্তু বর্তমানে জুলাই চেতনাকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে যা কাম্য নয়। আক্তারুজ্জামান বলেন, জুলাই চেতনা কোনো বিক্রির বিষয় নয়, এটি হৃদয়ে ধারণ করার বিষয়।

যারা এই চেতনা বিক্রি করছেন, তাদের বর্তমান জীবনযাত্রার পরিবর্তন এবং বিলাসিতার কথা জাতির জানা দরকার। বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বর্তমান বাজেটে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতের পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

কর ছাড়ের সুযোগ ব্যবহার করে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বেশি বিনিয়োগ করেন, বাজেটে সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

তিনি তারেক রহমানের নেতৃত্বকে দূরদর্শী বলে অভিহিত করেন এবং জিয়াউর রহমানের অর্থনৈতিক মুক্তির আদর্শের কথা স্মরণ করেন। আক্তারুজ্জামান স্পষ্ট করেন যে, জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতাকে মুছে ফেলার কোনো সুযোগ নেই বরং স্বাধীনতা এবং জুলাই চেতনা উভয়কেই সমান গুরুত্বের সাথে অন্তরে লালন করতে হবে।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language