বলিউড

তীব্র স্নায়ুর সমস্যায় ভুগছেন সনু নিগম, দীর্ঘ চিকিৎসার পর ফিরছেন ছন্দে

মুম্বাই, ২৪ জুন – বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী সনু নিগম দীর্ঘকাল ধরে স্নায়ুর জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন। অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি মাথা বা কাঁধও স্বাভাবিকভাবে নাড়াতে পারছিলেন না। তবে সম্প্রতি এই কঠিন পরিস্থিতি কাটিয়ে তিনি সুস্থতার পথে ফিরেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, গত কয়েক সপ্তাহ ধরে সনু নিগমের চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য এমআরআই এবং সিটি স্ক্যান করানো হয়েছে এবং তাকে উচ্চমাত্রার ওষুধ সেবন করতে হচ্ছে।

এর আগে অসুস্থ শরীর নিয়ে মুম্বাইয়ে একটি সরাসরি সংগীত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

সনু নিগম সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজের এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। কাঁধের ব্যান্ডেজ দেখিয়ে তিনি জানান, তার স্নায়ুচাপের কারণে তীব্র ব্যথার সৃষ্টি হয়েছিল এবং তিনি চিকিৎসকের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন। নিয়মিত ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নেওয়া সত্ত্বেও গত ২০ দিনে কোনো ইতিবাচক উন্নতি দেখা যায়নি।

অসুস্থতার কারণ সম্পর্কে এই গায়ক বলেন, ব্যায়াম করার সময় স্নায়ুতে টান লাগা কিংবা ভুলভাবে ঘুমানোর কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। যার ফলে দীর্ঘ সময় তিনি ঘাড় ও কাঁধ ঘোরাতে পারেননি। তবে সঠিক চিকিৎসা ও বিশ্রামের পর তিনি এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করছেন।

এনএন/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language