ডালাসে মেসি জাদুতে মুগ্ধ ১০০ বছর বয়সী বৃদ্ধা থেকে কোলের শিশু

বুয়েনস আইরেস, ২৩ জুন – লিওনেল মেসির ক্যারিয়ারের অর্জনের ঝুলিতে বাকি নেই কিছুই। ক্লাব ফুটবলের সাফল্য ছাড়িয়ে চার বছর আগে তার হাতে উঠেছে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফিও। অনেকের ধারণা ছিল ২০২২ বিশ্বকাপের পরই হয়তো মাঠ ছাড়বেন এই ফুটবল কিংবদন্তি।
তবে সব জল্পনা নাকচ করে ৩৯ বছর বয়সেও ২০২৬ বিশ্বকাপে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। চলতি আসরের প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে নিজের চিরচেনা ছন্দ ও প্রভাব বজায় রেখেছেন তিনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদের আবেগও তৈরি করেছে এক অনন্য গল্প।
সোমবার রাতে ডালাসে আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন গ্যালারিতে নজর কাড়েন ১০০ বছর বয়সী এক বৃদ্ধা ভক্ত। তার হাতে থাকা ব্যানারে লেখা ছিল ১০০ বছর বয়সী মেসি ভক্ত। ম্যাচজুড়ে একাধিকবার বড় পর্দায় তার উচ্ছ্বসিত উপস্থিতি দেখা যায়। বিশেষ করে মেসির করা দুই গোলের পর শতবর্ষী এই বৃদ্ধার হাসি ও উদযাপন সবার নজর কেড়েছে।
একই ম্যাচে আলোচনায় আসে আরও এক খুদে সমর্থক। গোল করার পর যখন স্টেডিয়ামের হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়ছিলেন তখন বাবার কোলে বসে আর্জেন্টিনার জার্সি পরা এক শিশুকে উল্লাস করতে দেখা যায়। এই দুই ভিন্ন প্রজন্মের সমর্থকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
বয়সের সীমানা পেরিয়ে মেসির প্রতি ভক্তদের এই অকুণ্ঠ ভালোবাসা আবারও প্রমাণিত হলো। এদিকে ১৯৬২ সালে ব্রাজিলের পর কোনো দল টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি।
সেই ৬৪ বছরের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে এগোচ্ছে আলবিসেলেস্তেরা। ২০২২ সালের বিশ্বজয়ের ধারা বজায় রেখে এবারও শিরোপা ধরে রাখতে মরিয়া লিওনেল মেসি ও রদ্রিগো দে পলরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এস এম/ ২৩ জুন ২০২৬









