ফুটবল

বিশ্বকাপ ইতিহাসে মিসরের ঐতিহাসিক প্রথম জয়

কায়রো, ২২ জুন – বিশ্বকাপ ফুটবল ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মিসর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে মোহাম্মদ সালাহর দল। এর আগে ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করলেও আটটি ম্যাচ খেলে কোনো জয়ের দেখা পায়নি দেশটি।

নবম ম্যাচে এসে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা ধাক্কা খেয়েছিল মিসর। খেলার ১৫ মিনিটেই ফিন সারম্যানের দারুণ এক গোলে লিড নেয় নিউজিল্যান্ড। প্রথমার্ধে এই ব্যবধান ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে তারা। ম্যাচের ৫৮ মিনিটে মোস্তফা জিকোর গোলে সমতায় ফেরে মিসর।

এরপর ৬৭ মিনিটে দলের মহাতারকা মোহাম্মদ সালাহ গোল করে দলকে এগিয়ে নেন। শেষ দিকে ৮২ মিনিটে ত্রেজেগে আরও একটি গোল করলে জয় নিশ্চিত হয় মিসরের। বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় শুরু হওয়া এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে উভয় দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ১-১ গোলে রুখে দিয়েছিল মিসরীয়রা। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। ঐতিহাসিক এই জয়ের ফলে বিশ্বকাপে নিজেদের অবস্থান আরও শক্ত করল সালাহ বাহিনী।

এস এম/ ২২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language