বিশ্বকাপের সেরা ২০ জার্সির তালিকা প্রকাশ গোল ডটকমের, শীর্ষে মেক্সিকো

মেক্সিকো সিটি, ২২ জুন – আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মাঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে জার্সি বা কিটের দুনিয়াতেও। উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠেয় ৪৮ দলের এই বিশাল আসরে অংশ নেওয়া দেশগুলোর বৈচিত্র্যময় সব জার্সি উন্মোচিত হয়েছে।
ডিজাইন, ঐতিহ্য ও নান্দনিকতার বিচারে বিশ্বকাপের সেরা ২০টি জার্সির তালিকা প্রকাশ করেছে ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম। প্রকাশিত তালিকায় শক্তিশালী সব দেশগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে স্বাগতিক মেক্সিকোর হোম জার্সি।
হালকা সবুজের ওপর গাঢ় সবুজ মোটিফের নান্দনিক এই ডিজাইন দেশটির ফুটবলীয় আবেগ ও ঐতিহ্যকে স্পষ্টভাবে তুলে ধরেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে জাপানের জার্সি। সমুদ্র ও আকাশের দিগন্তের কুয়াশা থেকে অনুপ্রাণিত গ্রাফিক ডিজাইনটি ফুটবল অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
তৃতীয় স্থানে রয়েছে কুরাসাওয়ের অ্যাওয়ে জার্সি যেখানে হালকা হলুদ রঙের সঙ্গে নীল ট্রিম এবং লাল, সবুজ ও কমলা স্ট্রাইপসের চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে। সেরা ১০ এর তালিকায় আরও জায়গা পেয়েছে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা ও কাতারের জার্সি।
রেট্রো লুক, সাংস্কৃতিক অনুপ্রেরণা এবং আধুনিক ডিজাইনের মিশেলে তৈরি এই কিটগুলো সমর্থকদের নজর কাড়ছে। এছাড়া ১১ থেকে ২০ নম্বরের তালিকায় স্পেন, ডিআর কঙ্গো, জর্ডান, কানাডা, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, আলজেরিয়া এবং সেনেগালের জার্সিগুলো স্থান পেয়েছে।
প্রতিটি দেশের জার্সিতেই ফুটে উঠেছে তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ। বিশেষজ্ঞদের মতে এবারের বিশ্বকাপের জার্সিগুলোতে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন দেখা যাচ্ছে।
এস এম/ ২২ জুন ২০২৬









