জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করল সরকার, সভাপতি স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২২ জুন – দেশের ঔষধ খাতের টেকসই উন্নয়ন এবং জাতীয় ঔষধনীতি বাস্তবায়নের লক্ষ্যে ২২ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে এই পরিষদের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় যা ইতোমধ্যে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী এই পরিষদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব ও দপ্তর প্রধানরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, খাদ্য ও শিল্প সচিবসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এফবিসিসিআই ও ঔষধ শিল্প সমিতির সভাপতিরাও এই কমিটির অন্তর্ভুক্ত হয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এই পরিষদের সদস্য সচিব হিসেবে কাজ করবেন। নবগঠিত এই পরিষদের মূল দায়িত্ব হবে জাতীয় ঔষধনীতি বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। এছাড়া দেশের চাহিদা অনুযায়ী মানসম্মত ঔষধ উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণে পরিষদ দিকনির্দেশনা প্রদান করবে।
অ্যালোপ্যাথিক থেকে শুরু করে ইউনানি ও হার্বাল ঔষধের তালিকা প্রণয়ন এবং প্রতি দুই বছর অন্তর অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করার বিষয়েও তারা সুপারিশ করবেন। সরকারের এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে পরিষদ বছরে অন্তত দুইবার বৈঠকে বসবে।
প্রয়োজনে একাধিক সভা ডাকার এখতিয়ারও তাদের থাকবে। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ঔষধ উৎপাদন, আমদানি ও সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এস এম/ ২২ জুন ২০২৬









