গোলরক্ষক বেইরানভান্দের বীরত্বে বেলজিয়ামকে রুখে দিল ইরান

তেহরান, ২২ জুন – ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ স্ট্রাইকার রোমেলু লুকাকুর বুটের সজোরে আঘাত লেগেছিল বুকে। সেই তীব্র ব্যথা উপেক্ষা করে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ৩৩ বছর বয়সী আলিরেজা বেইরানভান্দ যা করলেন তা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তারকাখচিত বেলজিয়াম দলের ২৩টি শটের ঝড় একাই সামলে ইরানকে ঐতিহাসিক এক পয়েন্ট এনে দিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। বিশ্বকাপের ‘জি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি রবিবার গোলশূন্য ড্র হয়েছে। এই ড্রয়ের প্রধান কারিগর ইরানের বাজপাখি বেইরানভান্দ।
পুরো ম্যাচে বেলজিয়ামের নিশ্চিত সব আক্রমণ নসাৎ করে দিয়ে তিনি ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। খেলার শুরুতে কেভিন ডে ব্রুইনের একটি বিপজ্জনক ক্রসে স্লাইড করতে গিয়ে বেইরানভান্দের বুকে সজোরে আঘাত করেন লুকাকু। মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান বেইরানভান্দ।
পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখে বেলজিয়াম গোলমুখে ২৩টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে থাকা ৭টি শটের সবকটিই অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন ইরানি এই গোলরক্ষক। বিশেষ করে মাক্সিম ডি কাইপারের বেশ কয়েকটি নিশ্চিত গোল করার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি দলের ক্লিন শিট নিশ্চিত করেন।
গোল ঠেকানোর পাশাপাশি ১১টি নিখুঁত লং বল পাঠিয়ে দলের রক্ষণভাগকে পূর্ণ আত্মবিশ্বাস জুগিয়েছেন তিনি। অন্যদিকে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াও বেশ কিছু ভালো সেভ করেছেন। ইরানের তারকা মেহদি তারেমির দুটি জোরালো শট তিনি রুখে দেন।
ম্যাচের ২৫ মিনিটে মেহদি তারেমি জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ম্যাচের ৬৬ মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। শেষ ডিফেন্ডার হিসেবে মেহদি তারেমিকে টেনে ফেলে দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন নাতাঁ উঙ্গয়।
বাকি সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেললেও ইরানের রক্ষণভাগ ভাঙতে পারেনি বেলজিয়াম। এই ড্রয়ের ফলে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ‘জি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইরান। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম।
আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ইরান মুখোমুখি হবে মিশরের এবং বেলজিয়াম খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার দারুণ সুযোগ এখন এশিয়ান পরাশক্তি ইরানের সামনে।
এস এম/ ২২ জুন ২০২৬









