ফুটবল

মায়ের উপস্থিতিতে নতুন স্বপ্নে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

মাদ্রিদ, ২১ জুন – বিশ্বকাপের ময়দানে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার জীবনে যুক্ত হলো এক অনন্য আবেগঘন মুহূর্ত। স্পেনের বিপক্ষে অতিমানবীয় পারফরম্যান্সের পর এবার তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তার মা আনা ক্যান্ডিডা ইভোরা।

এর আগে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি তিনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেয় কেপ ভার্দে। ৪০ বছর বয়সী ভোজিনহা সেই ম্যাচে একের পর এক আক্রমণ প্রতিহত করে ম্যাচসেরার পুরস্কার জেতেন।

তবে ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান যে তার মা ভিসা না পাওয়ায় গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি যা তাকে মানসিকভাবে পীড়া দিচ্ছিল। ভোজিনহার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে সহানুভূতির সৃষ্টি হয়।

অবশেষে ভিসা মঞ্জুর হওয়ার পর আনা ক্যান্ডিডা ইভোরা মিয়ামিতে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে ফিফার প্রতিনিধিরা স্বাগত জানান। ধারণা করা হচ্ছে তিনি সরাসরি টাম্পায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করবেন অথবা রবিবারের উরুগুয়ে ম্যাচের জন্য অপেক্ষা করবেন।

স্পেনের বিপক্ষে সেই ম্যাচে ভোজিনহার পারফরম্যান্স ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ রুখে দিয়ে তিনি দলকে পয়েন্ট অর্জনে সাহায্য করেন। ম্যাচ শেষে তিনি অশ্রুসিক্ত চোখে তার প্রয়াত দাদা দাদির কথা স্মরণ করেন এবং মায়ের অনুপস্থিতির কথা জানান।

এই আবেগঘন কাহিনী এখন ফুটবলের গণ্ডি পেরিয়ে এক মানবিক গল্পে রূপ নিয়েছে। উরুগুয়ের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে মায়ের উপস্থিতি ভোজিনহা এবং পুরো কেপ ভার্দে দলের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language