ইউরোপ

পদত্যাগের ব্যাপক চাপে কিয়ার স্টারমার, লেবার এমপিদের আলটিমেটাম

লন্ডন, ২০ জুন – যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আবারও নিজ দলের অভ্যন্তরে তীব্র চাপের মুখে পড়েছেন। ক্ষমতাসীন লেবার পার্টির এক শতাধিক সংসদ সদস্য তাকে পদত্যাগ করার জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা না করলে তাকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

তবে প্রধানমন্ত্রী স্টারমার স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি কোনো চাপের মুখে নতি স্বীকার করবেন না এবং পদ থেকে সরে যাবেন না। উত্তর ইংল্যান্ডের একটি সংসদীয় আসনে উপনির্বাচনে দলের নেতা অ্যান্ডি বার্নহাম বড় ব্যবধানে জয়লাভ করার পর এই সংকট আরও ঘনীভূত হয়েছে।

এই জয়ের পর দলের ভেতর থেকেই নেতৃত্বের পরিবর্তনের দাবি জোরালো হয়ে উঠেছে। ফ্যাবিয়ান হ্যামিল্টনের মতো প্রভাবশালী সংসদ সদস্যরাও এখন স্টারমারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি মনে করেন, পরবর্তী দিনগুলোতে প্রধানমন্ত্রীর উচিত সরে দাঁড়ানোর একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া।

এতে অ্যান্ডি বার্নহামের মতো জনপ্রিয় নেতাদের দলের আমূল পরিবর্তনের সুযোগ দেওয়া সম্ভব হবে। লেবার পার্টির রেড ওয়াল গ্রুপের চেয়ারম্যান জো হোয়াইট এবং লুক চার্টার্স গত ২৪ ঘণ্টায় স্টারমারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে মেকারফিল্ড আসনে বিশাল জয়ের পর অ্যান্ডি বার্নহাম প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংও নেতৃত্বের দৌড়ে নামার ইঙ্গিত দিয়েছেন। মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও এখন ক্ষমতা হস্তান্তরের পক্ষে কথা বলছেন, যার মধ্যে পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার অন্যতম।

এস এম/ ২০ জুন ২০২৬


Back to top button