ফুটবল

মেসিকে সুযোগ করে দেওয়ার জন্য আমরাই দায়ী: আলজেরিয়া কোচ

বুয়েনস আইরেস, ১৭ জুন – বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে শিরোপা জয়ের পরবর্তী আসরে প্রথম ম্যাচ জিততে না পারার দীর্ঘদিনের খরা কাটাল আলবিসেলেস্তেরা।

ম্যাচে আর্জেন্টিনার জয়ে প্রধান ভূমিকা পালন করেন অধিনায়ক লিওনেল মেসি। তার দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় নিশ্চিত হয়। ম্যাচের পর আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ স্বীকার করেন যে তাদের রক্ষণের ভুলেই মেসির জন্য গোল করা সহজ হয়ে গেছে।

পেতকোভিচ জানান, প্রথম ও দ্বিতীয় গোল হজমের সময় তার দলের খেলোয়াড়রা ভুল করে মেসিকে সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তিনি মেসির প্রশংসা করে বলেন যে গুরুত্বপূর্ণ সময়ে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে এই মহাতারকার।

তিনি আরও মনে করেন, পুরো আর্জেন্টিনা দল মেসির জন্য সর্বস্ব দিয়ে খেলে যা তাকে বাড়তি সুবিধা দেয়। আর্জেন্টিনার নেওয়া ১০টি শটের মধ্যে ৭টিই ছিল মেসির।

হারের জন্য নিজের দলের খেলোয়াড়দের সরাসরি দোষ না দিলেও কোচ মনে করেন কিছু বড় ভুল হয়েছে যা থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে আলজেরিয়াকে তাদের পরবর্তী ম্যাচগুলোতে জয় পেতে হবে। আগামী ২২ জুন জর্ডান এবং ২৮ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা।

এস এম/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language