তিউনিসিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন হার্ভে রেনার্ড

তিউনিস, ১৬ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপে হতাশাজনক শুরুর পরিপ্রেক্ষিতে জাতীয় দলের কোচ পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। সাবরি লামুশিকে পদ থেকে সরিয়ে দেওয়ার একদিনের মাথায় ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে গ্রুপ এফ এ জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলের হাল ধরছেন রেনার্ড। সুইডেনের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর তিউনিসিয়া এই পদক্ষেপ গ্রহণ করে।
গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া সাবরি লামুশির সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বিশ্বকাপ চলাকালীন প্রথম কোচ হিসেবে তাকে বরখাস্ত হতে হলো।
৫৭ বছর বয়সী হার্ভে রেনার্ড আন্তর্জাতিক ফুটবলে অত্যন্ত অভিজ্ঞ এবং সফল কোচ হিসেবে স্বীকৃত। তিনি ২০১২ সালে জাম্বিয়া এবং ২০১৫ সালে আইভোরিকোস্টের হয়ে আফ্রিকান নেশন্স কাপ জয়ের গৌরব অর্জন করেন।
আফ্রিকান ফুটবলের ইতিহাসে তিনি একমাত্র কোচ যিনি দুটি ভিন্ন দেশের হয়ে এই শিরোপা জিতেছেন। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার অধীনে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার তাকে বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে আসে। এছাড়া মরক্কো জাতীয় দলের হয়েও তার দারুণ সাফল্য রয়েছে।
মরক্কোকে দীর্ঘ ২০ বছর পর ২০১৮ সালের বিশ্বকাপে পৌঁছে দেওয়ার কৃতিত্ব তারই। পরবর্তীতে তিনি ফ্রান্সের নারী ফুটবল দলের কোচের দায়িত্বও পালন করেন।
তিউনিসিয়ার ডাগআউটে রেনার্ডের প্রথম কাজ হবে ফুটবলারদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। আগামী ২০ জুন জাপানের বিপক্ষে এবং ২৫ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দুটিতে ভালো ফল করাই এখন তার প্রধান লক্ষ্য।
বিশ্বকাপে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে এই দুই ম্যাচে ইতিবাচক ফলাফলের কোনো বিকল্প নেই তিউনিসিয়ার সামনে।
এনএন/ ১৬ জুন ২০২৬









