বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও সেনেগাল: কার পাল্লা ভারী?

প্যারিস, ১৬ জুন – বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার ফ্রান্স আজ রাতে তাদের প্রথম ম্যাচে শক্তিশালী সেনেগালের মোকাবিলা করবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটিকে ঘিরে ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা কাজ করছে।
কাগজে কলমে শক্তির বিচারে ফরাসিরা এগিয়ে থাকলেও সেনেগালকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সাদিও মানে, কালিদু কুলিবালি এবং নিকোলাস জ্যাকসনের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠিত সেনেগাল দলটি যেকোনো বড় প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও অরেলিয়েন চুয়ামেনিদের নিয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগ অত্যন্ত ভয়ংকর। শিরোপা জয়ের মিশন শুরু করতে দিদিয়ের দেশমের দল আজ পূর্ণ পয়েন্ট অর্জন করতেই মাঠে নামবে।
ম্যাচের সম্ভাব্য একাদশে বড় কোনো পরিবর্তনের আভাস না থাকলেও দুই দলই তাদের সেরা শক্তির সমাবেশ ঘটাতে প্রস্তুত। ফ্রান্সের সম্ভাব্য একাদশে থাকতে পারেন মাইক মেনিয়ান, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল ওলিসে।
অন্যদিকে সেনেগালের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে এদুয়ার্ড মেন্ডি, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, ক্রেপিন দিয়াত্তা, এল হাজি মালিক দিউফ, হাবিব দিয়ারা, লামিনে কামারা, পাপে গুইয়ে, ইসমাইলা সার, সাদিও মানে ও নিকোলাস জ্যাকসনের।
এস এম/ ১৬ জুন ২০২৬









