বিশ্বকাপে ড্রয়ের মহোৎসব: ৬৮ বছর পর একদিনে সব ম্যাচ অমিমাংসিত

ওয়াশিংটন, ১৬ জুন – বিশ্বকাপ ফুটবল আসরে সোমবার যেন ড্র করার মিছিলে নেমেছিল দলগুলো। এদিন নির্ধারিত চারটি ম্যাচই ড্র হওয়ায় দীর্ঘ ৬৮ বছর পর বিরল এক রেকর্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ১৯৫৮ সালের ১৫ জুনের পর এই প্রথম বিশ্বকাপের কোনো নির্দিষ্ট দিনে সবগুলো ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হলো।
এদিন সবচেয়ে বড় অঘটনটি ঘটে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা কেপ ভার্দে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে। এই ফলাফলকে কেপ ভার্দের ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে আফ্রিকার দেশ মিশর বেলজিয়ামের বিপক্ষে ঐতিহাসিক জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। ১-১ গোলের এই ড্রতে বেলজিয়ামের ত্রাতা হয়ে আসেন রোমেলু লুকাকু। তাঁর চাপে সৃষ্ট একটি আত্মঘাতী গোল থেকে সমতায় ফেরে ইউরোপের এই শক্তিশালী দলটি।
দিনের অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হার এড়াতে ঘাম ঝরাতে হয়েছে উরুগুয়েকে। ম্যাচের ৮০তম মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাুহোর গোলে ১-১ সমতা নিশ্চিত করে উরুগুয়ে। এছাড়া লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ইরান ও নিউজিল্যান্ডের লড়াইটি ২-২ গোলে শেষ হয়। এই ড্রয়ের ফলে গ্রুপ পর্বের লড়াই আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে।
এবারের আসরে এ পর্যন্ত ১৬টি ম্যাচের অর্ধেকই ড্র হয়েছে যা টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতার মাত্রা ফুটিয়ে তুলছে। ভক্তদের নজর এখন আজ রাতে ফ্রান্স এবং বুধবার আর্জেন্টিনার ম্যাচের দিকে যেখানে দল দুটি ড্রয়ের ধারা ভাঙতে মুখিয়ে আছে।
এস এম/ ১৬ জুন ২০২৬









