গ্যালারি পরিষ্কার করে ফের বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি ফুটবল সমর্থকরা

টোকিও, ১৫ জুন – ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে আবারও আলোচনায় এসেছেন জাপানের ফুটবল সমর্থকরা। খেলা শেষ হওয়ার পর স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল এবং খাবারের মোড়কসহ সব ধরনের আবর্জনা তাঁরা নিজেরাই পরিষ্কার করেন।
রবিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে জাপান। রেফারির শেষ বাঁশি বাজার পর যখন গ্যালারি খালি হতে শুরু করে তখন দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। জাপানি সমর্থকদের একটি অংশ হাতে ব্যাগ নিয়ে গ্যালারির চারপাশ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে সারা বিশ্বে তাঁদের এই উদ্যোগ দারুণভাবে প্রশংসিত হয়। জাপানিদের এই পরিচ্ছন্নতা বজায় রাখার সংস্কৃতি কেবল সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যেও এর চর্চা দেখা যায়।
আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ শেষে ড্রেসিং রুম ঝকঝকে করে পরিষ্কার করার বিষয়টিও এর আগে বহুবার সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে। মূলত ১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবল থেকে জাপানি সমর্থকদের এই নিয়মতান্ত্রিক আচরণ নিয়মিতভাবে দেখা যাচ্ছে।
জাপানি সংস্কৃতির একটি বিশেষ নীতি হলো তাতসু তোরি এতো ও নিগোসাজু যার অর্থ হলো ব্যবহারের পর সেই স্থানটি আগের মতোই পরিচ্ছন্ন রেখে যাওয়া। এই জীবনবোধ থেকেই তাঁরা এমন দায়িত্বশীল আচরণ প্রদর্শন করেন।
এস এম/ ১৫ জুন ২০২৬









