বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২০ নম্বরে ঢাকা

ঢাকা, ১৫ জুন – বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী সোমবার সকালে লাহোরের বায়ুমান সূচক বা এআইকিউ রেকর্ড করা হয়েছে ১৭৪।
অন্যদিকে এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২০তম। ঢাকার বায়ুমান সূচক ৮১ রেকর্ড করা হয়েছে যা বায়ুমানের মানদণ্ড অনুযায়ী মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়।
আইকিউ এয়ারের সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের তথ্যানুযায়ী দূষণের তালিকায় ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো। তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৫৭।
এছাড়া ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই এবং ১৫৩ স্কোর নিয়ে কঙ্গোর রাজধানী কিনশাসা পঞ্চম স্থানে অবস্থান করছে।
বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো বায়ু হিসেবে বিবেচনা করা হয়। সূচক ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে বাতাসকে মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়।
বায়ুর মান ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়।
এনএন/ ১৫ জুন ২০২৬









