উত্তর আমেরিকা

ম্যানুস কেনার ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা

ওয়াশিংটন, ১৪ জুন – চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস অধিগ্রহণের দুই বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। বেইজিংয়ের পক্ষ থেকে প্রযুক্তি নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যানুস বিক্রির নির্দেশের পর মেটা ইতিমধ্যে তাদের কার্যক্রম আলাদা করার প্রক্রিয়া শুরু করেছে।

একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে যাবতীয় তথ্য আদান প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, প্রায় দুই মাস আগে বেইজিং ম্যানুস বিক্রির নির্দেশ দেওয়ার পর থেকেই মেটা প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থায় প্রবেশ বন্ধ করে দেয়। বর্তমানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পরিস্থিতির প্রেক্ষাপটে ম্যানুসের সহপ্রতিষ্ঠাতারা প্রতিষ্ঠানটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। চীনা অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন কাঠামো তৈরির পরিকল্পনা করা হচ্ছে যা ভবিষ্যতে হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে।

বিশ্লেষকদের মতে, চীনের এই কঠোর অবস্থান মূলত কৌশলগত প্রযুক্তির ওপর বেইজিংয়ের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণের বহিঃপ্রকাশ। ম্যানুস ছাড়াও চীনের অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও বিদেশি বিনিয়োগ গ্রহণের ক্ষেত্রে সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। মেটার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ম্যানুস তাদের কার্যক্রম থামিয়ে রাখেনি।

তারা ইতিমধ্যে বিভিন্ন অনলাইন সেবা ও ব্যবসায়িক প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বিত হওয়ার কাজ শুরু করেছে। ২০২৫ সালে ম্যানুসের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রদর্শনী বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল যার প্রেক্ষিতে মেটা এটি কিনে নেওয়ার ঘোষণা দেয়।

তবে চীনা সংশ্লিষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশেই বিতর্ক দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে মেটা বা ম্যানুস কেউই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।

এস এম/ ১৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language