ব্রাজিল ও মরক্কোর হাইভোল্টেজ লড়াই ১-১ গোলে ড্র

ওয়াশিংটন, ১৪ জুন – বিশ্বকাপের শুরুতেই এক রোমাঞ্চকর ফুটবল লড়াই দেখল বিশ্ব। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয়েছে। দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করল।
ম্যাচের শুরু থেকেই তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিলকে কিছুটা ছন্দহীন মনে হয়েছে। অন্যদিকে মরক্কো গোছানো ফুটবল খেলে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। খেলার ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল আফ্রিকার দলটি।
বাম প্রান্ত থেকে ছোট ছোট পাসে আক্রমণ গড়ে ব্রাজিলের ডি বক্সে বল পান বেনজামিন এল আইনুই। তবে শেষ মুহূর্তে তার প্রচেষ্টা রুখে দেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। ব্রাজিল ম্যাচে ফেরার চেষ্টা করলেও ইগর থিয়াগো একটি সহজ সুযোগ হাতছাড়া করেন।
ঠিক তখনই ২১তম মিনিটে লিড নেয় মরক্কো। ব্রাহিম দিয়াজের চমৎকার পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান ইসমায়েল সাইবারি। তবে গোল হজমের পর সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি সেলেসাওরা। ৩২তম মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ূস জুনিয়র। বাম দিক থেকে ড্রিবলিং করে বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো চেষ্টা করেও সেই বল আটকাতে পারেননি। ব্রাজিলের জার্সিতে এটি ছিল ভিনিসিয়ূসের ৫০তম আন্তর্জাতিক গোল। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও দুই দল জয়ের নেশায় আক্রমণ চালায়। তবে আর কোনো গোল না হওয়ায় ড্র মেনেই মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলোত্তির শিষ্যদের।
এস এম/ ১৪ জুন ২০২৬









