কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজার, ৯ আগস্ট – মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে তারা মিয়া নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মাগুরুলি সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার বাসিন্দা আবদুল মালেকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের ৪৬ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক মাগুরুলি সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের মাগুরুলি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং তার সহযোগীরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন।
শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তরুণ চোরাকারবারের সাথে যুক্ত ছিলেন বলে বিজিবি নিশ্চিত হয়েছে এবং তার পরিবারও বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বর্তমানে তারা মিয়ার মরদেহ বিএসএফের কাছে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ১২ জুন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মুজিব আলী নামের আরেক বাংলাদেশি তরুণ নিহত হয়েছিলেন। সেই সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছিল।
এনএন/ ৯ আগস্ট ২০২৬









