ফুটবল

বাফুফের নতুন ইয়ুথ ডেভেলপমেন্ট কোচ হিসেবে ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স নিযুক্ত

ঢাকা, ১৩ জুন – বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইয়ুথ ডেভেলপমেন্ট কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে ৩৬ বছর বয়সী ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে। মঙ্গলবার ডেভেলপমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাফুফে সূত্রে জানা গেছে, এই পদের জন্য মোট ১১৫ জন কোচ আবেদন করেছিলেন। প্রাথমিক বাছাইয়ে ১৮ জনকে নির্বাচিত করার পর ৫ জনের সাক্ষাৎকার নেয়া হয়। বেতন ও অন্যান্য শর্ত মেনে চলায় তালিকার শীর্ষে থাকা জেরার্ড জোন্সকেই চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

জেরার্ড জোন্স এর আগে ভিয়েতনামের ক্লাব ভিসাখায় কোচ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া আমেরিকার কানসাস সিটি এবং মরক্কো ফুটবল ফেডারেশনের কোচিং এডুকেটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। মাত্র ২১ বছর বয়সে তিনি আর্সেনাল সকার স্কুলের ডিরেক্টর অফ কোচিং হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম জানান, জেরার্ডের উয়েফা এ লাইসেন্স এবং তৃণমূল পর্যায়ের ফুটবলে বিশেষ অভিজ্ঞতা থাকায় তাকে নির্বাচন করা হয়েছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তার যোগদানের পরপরই এএফসি অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টের বাছাইয়ের প্রস্তুতি শুরু হবে।

উল্লেখ্য, এর আগে ব্রিটিশ কোচ মার্ক কক্সকে এই পদে দায়িত্ব দেয়া হলেও তার যোগ্যতা নিয়ে নানা মহলে বিতর্ক ওঠে। সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে বিদায় জানানো হয়।

এই পদের জন্য এএফসি প্রো লাইসেন্সধারী দেশীয় কোচ জুলফিকার মাহমুদ আবেদন করলেও শেষ পর্যন্ত বাফুফে উয়েফা এ লাইসেন্সধারী বিদেশি কোচের ওপরই আস্থা রেখেছে।

এনএন/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language