আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজার সময়সূচি ঘোষণা

তেহরান, ১৩ জুন – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজার আনুষ্ঠানিকতার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয় যে আগামী জুলাই মাসে পর্যায়ক্রমে বিদায়ী আনুষ্ঠানিকতা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ৪ ও ৫ জুলাই তেহরানে একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এরপর ৬ জুলাই তেহরান এবং ৭ জুলাই কোম শহরে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে আগামী ৯ জুলাই মাশহাদ শহরে আরেকটি জানাজা শেষে ইমাম রেজা (আ.) এর মাজারে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে।
উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে অবস্থানকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারান বলে জানা গেছে।
এস এম/ ১৩ জুন ২০২৬









