জাতীয়

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার, ১৩ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শনিবার দুপুরে কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই বিশাল কর্মসূচির সূচনা করেন।

এই অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত থেকে ১১ প্রজাতির বিভিন্ন চারা রোপণ করেন।

উল্লেখ্য যে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় আসার ৫ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা। কক্সবাজারের মালুমঘাটে এই কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে সরকার তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের যাত্রা শুরু করল।

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এই বৃহৎ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় মোট দেড় কোটি গাছের চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language