ক্রিকেট

নাঈম হাসানকে হেনস্তার প্রতিবাদে সরব জাতীয় দলের ক্রিকেটাররা

চট্টগ্রাম, ১৩ জুন – জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রাম ফেরার পথে লালখান বাজার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ভুক্তভোগী নাঈম হাসানের অভিযোগ অনুযায়ী, তাকে থামিয়ে শুরু থেকেই বৈরী আচরণ করা হয়। এক পর্যায়ে তার গলা চেপে ধরা হয় এবং পাইপ দিয়ে মারধর করা হয়।

পরবর্তীতে খুলশী থানায় নেওয়ার পরও তার সঙ্গে অপেশাদার ও দুর্ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, একজন জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর সরাসরি আঘাত।

তিনি দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সতীর্থ লিটন দাস একে গভীর উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন বলেন, ক্রিকেটাররা দেশের সম্পদ। তাদের সঙ্গে এমন আচরণ ব্যক্তিগত নয় বরং পুরো দেশের সম্মানে আঘাত হানে।

মোসাদ্দেক হোসেন ও মুশফিকুর রহিমও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। নাসুম আহমেদ উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্রিকেটার পরিচয় পাওয়ার পরও কেন এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা উচিত।

বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এই ঘটনায় একটি বিবৃতি প্রদান করেছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন নাঈম হাসানের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language