বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বড় লক্ষ্য ও প্যারাগুয়ের কঠিন পরীক্ষা

ওয়াশিংটন, ১২ জুন – ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র ফুটবলে বড় কোনো সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। দলটিকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে ২০২৩ সালে অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দেওয়া হয়।
পচেত্তিনোর কোচিং দর্শনে হাই প্রেসিং ও আক্রমণাত্মক ফুটবল থাকলেও যুক্তরাষ্ট্রের বর্তমান দলে তার ছাপ এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে ক্রিশ্চিয়ান পুলিসিক ও ফোলারিন বালোগানের মতো ফরোয়ার্ডদের ওপর ভর করে গোল পেতে মরিয়া থাকবে তারা।
এছাড়া ইউরোপীয় ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা থাকা ওয়েস্টন ম্যাককেনি, টাইলার অ্যাডামস ও জিওভানি রেইনার মতো ফুটবলাররা মাঝমাঠে বড় ভরসা হয়ে উঠবেন।
সাম্প্রতিক ফর্ম নিয়ে অবশ্য কিছুটা চিন্তায় রয়েছে মার্কিন শিবির। শেষ চার ম্যাচের তিনটিতেই তারা জার্মানি, পর্তুগাল ও বেলজিয়ামের মতো পরাশক্তির কাছে পরাজিত হয়েছে। তবে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সেনেগালের বিরুদ্ধে পাওয়া ৩-২ ব্যবধানের জয় তাদের উজ্জীবিত করবে।
এদিকে দীর্ঘ সময় পর বিশ্বকাপে প্রত্যাবর্তন করা প্যারাগুয়ে এখন বেশ শক্তিশালী প্রতিপক্ষ। ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে খেলার পর তারা আর মূল আসরে সুযোগ পায়নি। ২০২৪ সালে অভিজ্ঞ কোচ গুস্তাভো আলফারো দায়িত্ব নেওয়ার পর দলটির রক্ষণভাগ অনেক মজবুত হয়েছে।
আলফারোর অধীনে খেলা ১২টি বাছাইপর্বের ম্যাচের মধ্যে প্যারাগুয়ে মাত্র একটিতে হেরেছে এবং সাতটি ম্যাচে কোনো গোল হজম করেনি। প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
অন্যদিকে কাউন্টার অ্যাটাকে জুলিও এনকিসোর সৃজনশীলতা প্যারাগুয়েকে এগিয়ে রাখতে পারত, কিন্তু চোটের কারণে তিনি হয়তো প্রথম ম্যাচে সাইডবেঞ্চে থাকবেন।
লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এই রোমাঞ্চকর ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দর্শকরা সময় টিভি, টি স্পোর্টস এবং বাংলাদেশ টেলিভিশনে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।
এনএন/ ১২ জুন ২০২৬









