মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

মেক্সিকো সিটি, ১২ জুন – ঢাক-ঢোল আর রঙের বিচিত্র মহোৎসবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠল ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ফুটবল ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হয়ে অনন্য এক কীর্তি গড়ল এই স্টেডিয়ামটি।
আজতেক সভ্যতার সোনালি অতীতকে ফুটিয়ে তোলার মধ্য দিয়ে শুরু হয় এই মহাযজ্ঞ। মেক্সিকান সংগীতশিল্পী লিলা ডাউনসের সুরেলা কণ্ঠে যখন বিশ্ববাসীকে মেক্সিকোয় স্বাগত জানানো হয়, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক হর্ষধ্বনিতে ফেটে পড়েন।
মেক্সিকোর কিংবদন্তি রক ব্যান্ড মানা যখন মঞ্চে পারফর্ম করছিল, তখন গ্যালারিতে তৈরি হয় বিখ্যাত মেক্সিকান ওয়েভ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা। হলুদ, বেগুনি ও সাদা পোশাকের ঝলকানিতে তিনি যখন মঞ্চে উপস্থিত হন, তখন আজতেকা স্টেডিয়ামের উন্মাদনা এক নতুন মাত্রা পায়।
নাইজেরিয়ান গায়ক বার্না বয়কে সাথে নিয়ে শাকিরা তার জনপ্রিয় সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করেন। ২০১০ সালের স্মৃতি মনে করিয়ে দিয়ে শাকিরা আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্বকাপের রানি বলা হয়।
৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যখন সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরেন, তখন গ্যালারির গর্জন আকাশ ছুঁয়ে যায়। তবে উৎসবের আড়ালে মেক্সিকো সিটির ফ্যান জোনগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা দেখা দেয়।
অব্যবস্থাপনার কারণে অনেক ফুটবলপ্রেমী ক্ষোভ প্রকাশ করলেও মূল অনুষ্ঠানের আলোকচ্ছটা ছিল অম্লান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের মাধ্যমে ৪৮টি দেশের এই দীর্ঘ লড়াইয়ের সূচনা হয়।
এস এম/ ১২ জুন ২০২৬









