২০২৬ বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভসূচনা করল মেক্সিকো

ওয়াশিংটন, ১২ জুন – ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম উদ্বোধনী ম্যাচে জয় পেল উত্তর আমেরিকার দেশটি। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে স্বাগতিকরা।
ম্যাচের নবম মিনিটেই হুলিয়ান কিনিয়োনেসের গোলে লিড নেয় মেক্সিকো। পরবর্তীতে ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড রাউল হিমিনেজ। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলের সুযোগ পেয়েছিল মেক্সিকো। তবে রাউল হিমিনেজের জোরালো শট রুখে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনেন উইলিয়ামস।
প্রথম গোলটির পর ১৯ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন কিনিয়োনেস। তবে তার শটটি পোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রায়ান গুটিয়েরেজ সুযোগ নষ্ট করলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
৫০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ম্যাচের ৬৬ মিনিটে মেক্সিকোর হয়ে মাঠে নেমে ইতিহাস গড়েন গিলবার্তো মোরা। তিনি দলটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অভিষেক হওয়ার রেকর্ড গড়েন।
এর ঠিক এক মিনিট পরেই হিমিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো। ম্যাচের শেষ দিকে আরও দুটি লাল কার্ড দেখেন দুই দলের খেলোয়াড়রা। ৮৪ মিনিটে ফাউল করে লাল কার্ড পান দক্ষিণ আফ্রিকার থেম্বা জেওয়ানে। এরপর ম্যাচের যোগ করা সময়ে মেক্সিকোর রক্ষণভাগের খেলোয়াড় সেজার মন্তেস লাল কার্ড দেখলে শেষ পর্যন্ত তিন লাল কার্ডের নাটকীয়তায় ম্যাচ শেষ হয়।
এস এম/ ১২ জুন ২০২৬









