আইসল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার জয়, ফাঁস হলো মেসিদের পাসপোর্টের তথ্য

বুয়েনোস আইরেস, ১১ জুন – বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে বড় জয় পেয়ে ফিফা বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এই জয় উদযাপনের মধ্যেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর সামনে এসেছে। নিরাপত্তাজনিত ত্রুটির কারণে লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টাইন স্কোয়াডের খেলোয়াড়দের পাসপোর্টের তথ্য ফাঁস হয়ে গেছে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে অনিচ্ছাবশত তাদের পাসপোর্ট নম্বরগুলো অন্তর্ভুক্ত ছিল। আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
নিয়ম অনুযায়ী গণমাধ্যম বা জনসাধারণের কাছে তালিকা বিতরণের আগে সংবেদনশীল তথ্যগুলো ঝাপসা করে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি।
এই বিষয়ে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বক্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মাঠের খেলায় অবশ্য দুর্দান্ত ছন্দে ছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। হন্ডুরাসের পর আইসল্যান্ডের বিপক্ষেও সহজ জয় তুলে নিল তারা। আলাবামায় প্রায় ৮৮ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচে চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি একটি গোল করেছেন।
ম্যাচের ৬৯ মিনিটে বদলি হিসেবে নামার মাত্র দুই মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন তিনি। এর আগে ভ্যালেন্টিন বার্কোর গোলে আর্জেন্টিনা লিড নেয় এবং শেষ দিকে থিয়েগো আলমাদার গোলে দলের জয় নিশ্চিত হয়।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আগামী বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
এনএন/ ১১ জুন ২০২৬









