জাতীয়

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

ঢাকা, ১০ জুন – চলতি বছরে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার বিশেষ প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

বুধবার সৌদি আরবের রিয়াদে অবস্থিত দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি এই সন্তোষ প্রকাশ করেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে সৌদি হজমন্ত্রী বাংলাদেশের এ বছরের হজ ব্যবস্থাপনার দক্ষতা ও সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করেন। তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে বৈশ্বিক হজ ব্যবস্থাপনার সামগ্রিক উন্নয়নে বাংলাদেশের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার আধুনিকায়নে সৌদি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

অন্যদিকে ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হজ পালনের সহায়ক পরিবেশ তৈরির জন্য তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হজ ব্যবস্থাপনার উত্তরোত্তর উন্নয়নে বাংলাদেশ সবসময় সৌদি আরবের পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

বৈঠকে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর মো. কামরুল ইসলামসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language