জাতীয়

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

ঢাকা, ১০ জুন – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬’ এর উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। পরবর্তীতে ডা. জুবাইদা রহমান উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ কেবল একটি প্রচলিত কর্মসূচি নয় বরং এটি পরিবেশ সুরক্ষা ও একটি বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম উপায়। তিনি এই উদ্যোগকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের আহ্বান জানান।

একই সঙ্গে তিনি গ্রিন ভলান্টিয়ারিজম, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

চিকিৎসাবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্ভাবন উন্নত বাংলাদেশ গড়ার পথ সুগম করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, একই দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও অনুরূপ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এস এম/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language