জাতীয়

ঢাকার তাপমাত্রা বৃদ্ধির আভাস ও সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ৯ জুন – রাজধানী ঢাকায় আগামী কয়েক ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু স্থানে বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অঞ্চলগুলো হলো বরিশাল, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বর্তমানে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এনএন/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language