ইসরায়েলে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা: বীরসীবাসহ মধ্যাঞ্চল লক্ষ্য করে আক্রমণ

তেল আবিব, ৮ জুন – দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে তেহরান প্রথম দফায় মিসাইল নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দফায় আবারও হামলা চালানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, ইরানের নতুন এই মিসাইলগুলো ইসরায়েলের মধ্যাঞ্চল বীরসীবা শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
গত রবিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়।
বৈরুতে হামলার পর রবিবার রাতেই ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল নিক্ষেপ করেছিল। এর ধারাবাহিকতায় সোমবার সকালে ইসরায়েল পাল্টা হামলা চালায় ইরানের রাজধানী তেহরান এবং ইস্ফাহানসহ মোট তিনটি শহরে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরাও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছোড়ে।
এর এক ঘণ্টার মধ্যেই ইরান থেকে ফের শক্তিশালী মিসাইল আক্রমণ শুরু হয়। এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এনএন/ ৮ জুন ২০২৬









