দক্ষিণ এশিয়া

ইরানের সর্বোচ্চ নেতার জন্য সেনাপ্রধানের বিশেষ বার্তা নিয়ে তেহরানে মহসিন নাকভি

ইসলামাবাদ, ৭ জুন – ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির কাছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের পক্ষ থেকে এক বিশেষ বার্তা পৌঁছে দিতে তেহরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

ইসরায়েলি এবং মার্কিন হামলার শততম দিনে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে গত শনিবার রাতে তিনি ইরানে পৌঁছান। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,

তেহরানে পৌঁছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মহসিন নাকভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নাকভি জানান, ওই বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এর আগে ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছিল, সেনাপ্রধান অসীম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পক্ষ থেকে বিশেষ বার্তা সম্বলিত চিঠি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে গিয়েছেন। উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই এই বিশেষ কূটনৈতিক তৎপরতা শুরু করল পাকিস্তান।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করায় দুটি ইরানি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে সংঘাতের মাঝেই যুদ্ধের অবসান ঘটাতে উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

যদিও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান পরিস্থিতি নিয়ে কখনো সামরিক অভিযানের হুমকি দিচ্ছেন, আবার কখনো সফল কূটনীতির আশাবাদ ব্যক্ত করছেন। গত বুধবার তিনি জানিয়েছিলেন, সপ্তাহের শেষ নাগাদ ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হতে পারে।

তবে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করার বিষয়টি নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র এই অর্থ পুনর্গঠন কাজে ব্যয় করার পরিকল্পনা করলেও ইরান তাদের নিজস্ব সম্পদ ফিরে পাওয়ার দাবিতে অনড় রয়েছে।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language