জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম, শীর্ষে কিনশাসা

ঢাকা, ৭ জুন – বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। বায়ুমান সূচকে শহরটির স্কোর ২১১ রেকর্ড করা হয়েছে। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা পঞ্চম অবস্থানে রয়েছে।

রোববার সকাল ৮টার তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক ছিল ১২৯, যা সংবেদনশীল গোষ্ঠীর মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এই শহরের বায়ুমান সূচকের স্কোর ১৬৫। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৫৫। এ ছাড়া ১৫১ স্কোর নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ চিলির রাজধানী সান্তিয়াগো চতুর্থ অবস্থানে রয়েছে।

সাধারণত বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী একটি শহরের বাতাস কতটা স্বাস্থ্যকর বা ক্ষতিকর তা নির্ধারণ করা হয়।

আইকিউ এয়ারের মান অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে গণ্য করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসকে মাঝারি মানের বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে স্কোর থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়।

বায়ুমান ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে তাকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়।

এছাড়া সূচকের মান ৩০১ এর ওপরে গেলে বাতাসকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে গণ্য করে সংস্থাটি।

এনএন/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language