জাতীয়

ঢাকাসহ দেশের আট বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা

ঢাকা, ৬ জুন – রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ায় গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে। সেই সঙ্গে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকালে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এনএন/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language