তাপপ্রবাহের মাঝে সুখবর, দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার পূর্বাভাস

ঢাকা, ৫ জুন – দেশের ১৭টি জেলা ও অঞ্চলের ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম বা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে।
বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে যে বৃষ্টির প্রভাবে কিছু কিছু এলাকা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
শনিবার ও রোববার দেশের অনেক জায়গায় বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সোমবার ও মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে।
এনএন/ ৫ জুন ২০২৬









