কর্মস্থলে ফিরছে মানুষ: ময়মনসিংহের বাসস্ট্যান্ড ও স্টেশনে উপচে পড়া ভিড়

ময়মনসিংহ, ২ জুন – ঈদুল আজহার ছুটি কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড, ব্রিজ মোড় ও রেলওয়ে স্টেশনে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
চাকরি, ব্যবসা এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তাগিদে অধিকাংশ মানুষ নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। দুপুরের দিকে মাসকান্দা বাসস্ট্যান্ডের ইউনাইটেড বাস কাউন্টারে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।
মুক্তাগাছা থেকে আসা যাত্রী শাওন আহমেদ জানান, সাধারণত এসি বাসে এত ভিড় থাকে না, কিন্তু গাড়ি কম থাকায় কাউন্টার থেকে টিকিট সরবরাহও সীমিত। অন্যদিকে ফুলবাড়িয়া থেকে আসা আসাদ মিয়া ও মাহমুদা বেগম জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তারা কাঙ্ক্ষিত পরিবহনের দেখা পাচ্ছেন না।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকাগামী বলাকা ট্রেনে তিল ধারণের জায়গা নেই। এমনকি প্রাণের ঝুঁকি নিয়ে অনেক যাত্রীকে ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
রেলওয়ে স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিস ও অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন বলেন, যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে কিছুটা ভোগান্তি তৈরি হলেও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
এস এম/ ২ জুন ২০২৬









