৮ জুন নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক শুরু

ঢাকা, ১ জুন – ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স। পশ্চিমবঙ্গ থেকে তথাকথিত অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের নিয়মিত পুশব্যাক করার খবরের মধ্যেই এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
আসন্ন এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মুহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক প্রবীন কুমার।
বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই দুই বাহিনীর মধ্যে প্রথম কোনো উচ্চপর্যায়ের বৈঠক।
বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, অনুপ্রবেশ রোধ এবং ভারতে বসবাসরত তথাকথিত নথিবিহীন বাংলাদেশিদের হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেতে পারে। এছাড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের ওপর হামলার অভিযোগ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
ভারতের পক্ষ থেকে সম্প্রতি বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফের কাছে জমি হস্তান্তর করেছে এবং অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য যে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের প্রায় ৮৬০ কিলোমিটার এলাকা এখনও কাঁটাতারহীন রয়েছে। এর মধ্যে ভৌগোলিক প্রতিকূলতার কারণে প্রায় ১৭৪ কিলোমিটারে কাঁটাতার বসানো অসম্ভব বলে মনে করা হয়। এই অবস্থায় সীমান্ত অপরাধ দমন এবং দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই এই বৈঠকের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
বাংলাদেশে গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠিত হওয়ার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মসৃণ করতে উভয় পক্ষই তৎপর রয়েছে বলে জানা গেছে।
এনএন/ ১ জুন ২০২৬









