তারাকান্দায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পোশাক শ্রমিক আটক

ময়মনসিংহ, ৩১ মে – ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সুজন মিয়া নামের এক পোশাক শ্রমিককে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। আটক ২৫ বছর বয়সী সুজন মিয়া ওই উপজেলারই বাসিন্দা এবং গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে সুজন শিশুটিকে কৌশলে বাড়ি থেকে ডেকে বের করেন। তিনি নিজের মুঠোফোনের জন্য একটি মিনিট কার্ড কিনতে শিশুটিকে বাড়ির অদূরে একটি দোকানে পাঠান এবং নিজে তার পিছু নেন। কার্ড কিনে ফেরার পথে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পালানোর চেষ্টাকালে সুজনকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার উপপরিদর্শক লিটন চন্দ্র পাল জানান, কার্ড কিনে আনার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে বের করা হয়েছিল। এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এস এম/ ৩১ মে ২০২৬









