নারায়নগঞ্জ

শাড়িতে সাইকেল র‍্যালিতে মাতৃভাষার প্রতি সম্মানপ্রদর্শন ‘নভেরা’র

নারায়ণগঞ্জ, ২১ ফেব্রুয়ারি – মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার প্রতি সম্মান ও সচেতনতাবোধ মূলক নানা স্লোগান লিখিত প্ল্যাকার্ড নিয়ে নারায়ণগঞ্জ শহরে সাইকেল র‍্যালি করেছে নারী সাইকেল আরোহীদের দল নভেরা।

২১ ফেব্রুয়ারি রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে মন্ডলপাড়া পর্যন্ত কালো শাড়ি পরে সাইক্লিং করে এই তরুণীরা। এর আগে গতবছরও তারা এই দিনে শহরে সাইকেল র‍্যালি করেন।

তবে এবার ‘নভেরা’’র র‍্যালির বিশেষ আয়োজন ছিলো প্রত্যেক সদস্যের শাড়ি পরে সাইক্লিং করা।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

এ বিষয়ে ‘নভেরা’র উদ্যোক্তা ডা. ফারজানা হোসেন মৌসুমী বলেন, ‘শাড়ির সাথে নারীদের আবেগ ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তাছাড়া অনেকরই ধারণা আমাদের দলের নারীরা সাইক্লিং করতে গিয়ে সংস্কৃতির প্রতি আকর্ষণ হাড়িয়ে ফেলেছে। ভাষা দিবসে আমাদের এই র‍্যালিতে আমরা শাড়ি আর সাইকেলের ভাষায় বলতে চেয়েছি যে, আমরা নারীরা সমস্ত ট্যাবু ভেঙে, সংস্কৃতিকে সঙ্গে নিয়ে সুন্দর সমাজের পক্ষে প্রতিবাদ করতে জানি।’

সংগঠক আফরীন আহমেদ হিয়া বলে, ‘ভাষার দিনে আমাদের এই র‍্যালি ছিলো সাইকেলের ভাষায় নারী স্বাধীনতার প্রতিকীরূপ। আজও আমরা যখন রাস্তায় সাইকেল নিয়ে বের হই, তখন অজস্র কটু মন্তব্য, গালি, মৌখিক নিপীড়ন চলে মেয়েগুলোর উপর। সামাজিক মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে আক্রান্ত হয় বাজে মন্তব্যের দ্বারা।’

তিনি আরো বলেন, ‘ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ভাষা হোক অপরকে সম্মানের তরে, শোষণের বিরুদ্ধে প্রতিবাদের তরে। ভাষা দিবসে এই আমাদের আহ্বান।’

প্রসঙ্গত, নানা সময় নারায়ণগঞ্জে ‘নভেরা’কে সাইকেলে সচেতনতামূলক প্ল্যাকার্ড বেঁধে র‍্যালি করতে দেখা যায়। কখনো নারী উন্নয়নের জন্য, কখনো নারীর প্রতি শারীরিক, মানসিক নির্যাতনের বিরুদ্ধে, কখনো বা পরিবেশের উন্নয়নে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language