জাতীয়

রাজধানীতে পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৯ মে – রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,

এদিন বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরের মূল উদ্দেশ্য ছিল কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা সরাসরি যাচাই করা।

উপ প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান ১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল এলাকা অতিক্রম করে। এরপর বাসাবো, কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড ও যাত্রাবাড়ী মোড় হয়ে ধোলাই খাল ও নারিন্দা এলাকা পরিদর্শন করেন তিনি।

সফরকালে প্রধানমন্ত্রী রায়সাহেব বাজার মোড় থেকে নয়া বাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান ও শাহবাগ এলাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করেন।

পরবর্তীতে এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমন্ডি সাত মসজিদ রোড ও মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে পান্থপথ, ফার্মগেট এবং বিজয় সরণি হয়ে মহাখালী এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি। সফর চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালিয়েছেন বলে জানান উপ প্রেস সচিব।

এই পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব ২ মো. মেহেদুল ইসলাম।

এস এম/ ২৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language