‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না! স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে খামারে ফিরল ভাইরাল মহিষ

ঢাকা, ২৭ মে – চলতি কুরবানির ঈদে সারা দেশে সবচেয়ে আলোচিত ও আন্তর্জাতিকভাবে ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের সেই সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কুরবানি হচ্ছে না! খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিশেষ হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে পুরো মূল্য ফেরত দিয়ে মহিষটিকে পুনরায় খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেখানেই রাজকীয় হালে মহিষটিকে লালন-পালন করা হবে।
বুধবার (২৭ মে) রাতে গণমাধ্যমের কাছে এই চাঞ্চল্যকর ও নাটকীয় তথ্যটি সরাসরি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মহিষটির আন্তর্জাতিক পরিচিতি এবং এর নাম ও জাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছিল। তিনি বলেন, “মহিষটিকে কুরবানি করা হলে নানামুখী বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। সামগ্রিক আইন-শৃঙ্খলা ও আইনগত দিক বিবেচনা করে কেরানীগঞ্জের ক্রেতাকে তার দেওয়া মূল্য ফেরত দেওয়া হয়েছে এবং মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় ‘রাবেয়া এগ্রো ফার্ম’-এ নিরাপদে ফেরত পাঠানো হয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রীর এই নাটকীয় নির্দেশের ঠিক আগেই, আজ বুধবার বিকেলে রাবেয়া এগ্রো ফার্মে ঘটে যায় এক অভূতপূর্ব দৃশ্য। ক্রেতা মহিষটি বুঝে নিতে খামারে এলে সেটিকে রীতিমতো লাল গালিচা (Red Carpet) সংবর্ধনা দিয়ে বিদায় জানানো হয়।
দুপুর থেকেই খামারের কর্মীরা অ্যালবিনো জাতের এই মহিষটিকে পরম আদরে গোসল করান। এরপর তাকে পরানো হয় বিশেষ রাজকীয় পোশাক। বিদায়লগ্নে হরেক রঙের স্মোক বা রঙিন ধোঁয়া উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে তাকে বিদায় দেওয়া হয়। প্রিয় পশুকে বিদায় দিতে গিয়ে খামারের মালিক ও কর্মচারীরা অনেকেই আবেগাপ্লুত হয়ে চোখের জল ফেলেন। তবে সন্ধ্যার পর স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে মহিষটি আবার খামারে ফেরত আসায় খামারিদের মাঝে এখন আনন্দের বন্যা বইছে।
নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই এই বিরল অ্যালবিনো জাতের মহিষটি সংগ্রহ করেছিলেন। এর গায়ের সাদাটে চামড়া, সোনালী ধাঁচের চুল ও চোখের মণির অদ্ভুত গঠনের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার এক অদ্ভুত মিল খুঁজে পাওয়ায় শখ করে তারা এর নাম রেখেছিলেন ‘ট্রাম্প’।
কুরবানির হাটে তোলার পর এটি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হতেই রাতারাতি তা দেশীয় গণ্ডি পেরিয়ে রয়টার্স, এএফপিসহ আন্তর্জাতিক প্রায় সব বড় বড় সংবাদমাধ্যমে শিরোনাম হয়। বিশ্বজুড়ে ট্রাম্পের অনুসারী ও বৈশ্বিক গণমাধ্যমের ব্যাপক কৌতূহলের কারণেই মূলত শেষ মুহূর্তে এর কুরবানি বা জবাই করার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলো প্রশাসন। ফলে এবারের ঈদুল আজহায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে খামারেই স্থায়ীভাবে থাকার লাইফলাইন পেয়ে গেল লাখো মানুষের নজর কাড়া এই ‘ডোনাল্ড ট্রাম্প’।
এনএন/ ২৭ মে ২০২৬









